
যশোরে পৃথক তিন ঘটনায় শিশু, শ্রমিক ও কিশোরীর মৃত্যু
যশোর প্রতিনিধি
যশোরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছে এক শিশু, এক শ্রমিক ও এক কিশোরী। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর ও বাঘারপাড়া উপজেলায় এসব ঘটনা ঘটে। নিহতদের মৃত্যুতে পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া।
সদর উপজেলার কচুয়া ঘোপ গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় তিন বছর বয়সী শিশু লাবিব। পরিবারের সদস্যরা জানান, বাড়ির বারান্দায় খেলাধুলার সময় একটি টেবিল ফ্যানের সঙ্গে সংযুক্ত মাল্টিপ্লাগে আঙুল প্রবেশ করালে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামে রড কাটার কাজ করতে গিয়ে প্রাণ হারান রড মিস্ত্রি আলমগীর। স্থানীয় সূত্র জানায়, গ্রেন্ডার মেশিন দিয়ে রড কাটার সময় মেশিনের নাট খুলে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে সদর উপজেলার মোবারককাঠি গ্রামে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে রাবেয়া খাতুন নামে ১৪ বছর বয়সী এক কিশোরী। দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনাতেই সংশ্লিষ্ট থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।