
যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি খোড়া কামরুল আটক
যশোর প্রতিনিধি
যশোরের অপরাধ জগতের পরিচিত এক নাম… দীর্ঘদিন ধরে পুলিশের খোঁজে থাকা দুর্ধর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল অবশেষে ধরা পড়েছে ডিবি পুলিশের জালে।
শনিবার বিকেলে যশোর শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ বলছে, অস্ত্র মামলায় গ্রেফতার দুই চিহ্নিত সন্ত্রাসীর দেওয়া তথ্য এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই সামনে আসে খোঁড়া কামরুলের নাম।
তদন্তে উঠে এসেছে, শুধু অস্ত্র সরবরাহই নয়… যশোর শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও বিস্ফোরকের অন্যতম জোগানদাতা হিসেবে কাজ করতেন তিনি।
পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে রয়েছে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি, মাদকসহ নানা অভিযোগে মোট ২০টি মামলা।
দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে এই আলোচিত আসামিকে আটক করতে সক্ষম হয়েছে জেলা গোয়েন্দা শাখা—ডিবি পুলিশ।
রোববার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
যশোরের অপরাধ দমনে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।