
ডিবির হাতে আটক সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী
ঢাকা প্রতিনিধি
রাজধানীতে ভোররাতে অভিযান চালিয়ে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
ড. শিরীন শারমিন চৌধুরী দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের অধীনে গঠিত একাধিক জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি টানা তিনটি সংসদে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি প্রকাশ্যে আসেননি। তার অনুপস্থিতিতেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সংসদীয় কার্যক্রম শুরু হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আটকের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে এ ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।