
যশোরে মাদকের বিরুদ্ধে জনতার ঐক্য
র্যালি, সচেতনতামূলক কর্মসূচি শেষে গঠিত ‘মাদক সুরক্ষা কমিটি,
যশোর প্রতিনিধিঃ
মাদকের বিস্তার রোধে এবার নিজ উদ্যোগে মাঠে নেমেছে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামের মানুষ। মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজ ও নতুন প্রজন্মকে রক্ষার প্রত্যয়ে শুক্রবার গ্রামজুড়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি, জনসচেতনতামূলক কর্মসূচি এবং গণসমাবেশ। এতে নারী-পুরুষ, কিশোর-কিশোরী, তরুণ, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে রূপ দেয় এক গণআন্দোলনের।
র্যালিটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদক আজ শুধু একটি সামাজিক ব্যাধি নয়, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।
কর্মসূচি শেষে সর্বসম্মতিক্রমে ‘মাদক সুরক্ষা কমিটি’ গঠন করা হয়। নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে প্রথমে সামাজিকভাবে সতর্ক ও সচেতন করা হবে। বিভিন্ন প্রচার-প্রচারণা ও গণসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তাদের মাদক থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলবে। তবে এতেও যদি তারা বিরত না হয়, তাহলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও সংগঠিত কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, “মাদকমুক্ত ঘোপ গড়ার এই লড়াই কোনো ব্যক্তি বা সংগঠনের নয়, এটি পুরো সমাজের। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”
এলাকাবাসীর প্রত্যাশা, সামাজিক প্রতিরোধ ও জনসম্পৃক্ততার এ উদ্যোগ মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং ঘোপ গ্রাম একদিন মাদকমুক্ত এলাকার দৃষ্টান্ত স্থাপন করবে।